পর্যটকদের সেবা দিন, পাহাড়ের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করুন’: বান্দরবানে পার্বত্যমন্ত্রী
হাবিবুর রশিদ হিমন, বান্দরবান জেলা প্রতিনিধি-
বান্দরবানসহ পার্বত্য অঞ্চলের পর্যটন শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে এবং দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়াতে সংশ্লিষ্ট সব সংস্থাকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি।
বুধবার (২ সেপ্টেম্বর) বান্দরবান পৌরসভা মিলনায়তনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
পার্বত্যমন্ত্রী বলেন, “প্রতিদিন হাজারো পর্যটক বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন। আগত অতিথিদের সর্বোচ্চ নিরাপত্তা, মসৃণ যাতায়াত ব্যবস্থা, মানসম্মত আবাসন ও স্বাস্থ্যসম্মত খাবারের মতো মৌলিক সেবাগুলো নিশ্চিত করা আমাদের যৌথ দায়িত্ব। সেবা খাতে পেশাদারিত্ব বাড়ালে পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক চিত্রে ব্যাপক পরিবর্তন আসবে।”
বান্দরবান শহরের অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী আরও জানান, শহরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন, গুরুত্বপূর্ণ পয়েন্টে সোলার লাইট স্থাপন, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার এবং নতুন যোগাযোগ পথ তৈরিতে পার্বত্য মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। পাশাপাশি পৌরবাসীকে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা দিতে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি নির্দেশ দেন তিনি। একই সাথে পৌরসভার প্রশাসনিক ও জনবল সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ রাশেদুল হক, জনসংযোগ কর্মকর্তা মো. রেজুয়ান খান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, হিসাবরক্ষণ কর্মকর্তা নুরুল আমিন চৌধুরী ও প্রশাসনিক কর্মকর্তা করুণা কান্তি বড়ুয়াসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।