অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন
রাজনৈতিক পরিচয় কিংবা ধর্মের আড়ালে হত্যাকারীদের দায়মুক্তির সুযোগ নেই
অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মাননীয় প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, হত্যাকারীদের কোনো রাজনৈতিক দল, ধর্মীয় পরিচয় কিংবা অন্য কোনো পরিচয়ে আড়াল করার সুযোগ নেই। অপরাধী যে-ই হোক, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে হত্যাকারী হিসেবেই চিহ্নিত করতে হবে। দীর্ঘ দুই বছরেও এই হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন না হওয়া অত্যন্ত উদ্বেগজনক।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল, স্মরণসভা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের দিন ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন। তখন মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র ২০ দিন অতিবাহিত হয়েছিল। ঘটনাস্থল ও থানায় গিয়ে তিনি প্রশাসনের মধ্যে এক ধরনের ভীতিকর ও নিরাপত্তাহীন পরিস্থিতি লক্ষ্য করেছিলেন। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যেও উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছিল। ওই দিন রাত পর্যন্ত তিনি থানায় অবস্থান করেছিলেন। পরদিন প্রয়াত অ্যাডভোকেট এ এফ হাসান আরিফসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়।
তিনি বলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ কেবল একজন আইনজীবী ছিলেন না, তিনি ছিলেন গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সম্মুখসারির একজন সাহসী কর্মী। গত ১৭ বছর ধরে গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে যে আন্দোলন-সংগ্রাম হয়েছে, তাতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিশেষ করে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাই তাঁর অবদান ও আত্মত্যাগকে কোনোভাবেই বিস্মৃত হওয়ার সুযোগ নেই।
হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে চসিক প্রশাসক বলেন, একটি হত্যাকাণ্ডের বিচার দীর্ঘ সময় ধরে ঝুলে থাকা ন্যায়বিচারের প্রত্যাশী মানুষের জন্য হতাশাজনক। বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে এ ধরনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন হওয়া প্রয়োজন। অপরাধীর রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা চিহ্নিত হয়ে কারাগারে রয়েছে। এখন দ্রুত বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা জরুরি। এতে একদিকে যেমন মরহুমের পরিবার ন্যায়বিচার পাবে, অন্যদিকে সমাজেও আইনের শাসন ও ন্যায়বিচারের প্রতি মানুষের আস্থা সুদৃঢ় হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে প্রশাসক ডা. শাহাদাত হোসেন মরহুম অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের রুহের মাগফিরাত কামনা করেন। মহান আল্লাহর দরবারে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করে তিনি স্মরণসভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে কোতোয়ালী, বাকলিয়া, চকবাজার ও ডবলমুরিংয়ের আংশিক এলাকার সংসদ সদস্য আবু সুফিয়ান, আমন্ত্রিত অতিথি, আইনজীবী নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের আইনজীবী, রাজনৈতিক নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।