মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন ও আদালত

মিরপুরে ‘ফোর স্টার’ গ্রুপের ৬ সদস্য গ্রেপ্তার, বিদেশি পিস্তল-গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার

রাজধানীর মিরপুরের পল্লবী ও রূপনগর এলাকায় আলোচিত ‘ফোর স্টার’ গ্রুপের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড তাজা গুলি, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এসআরবি-৪ সূত্র জানায়, গত ২৩ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানাধীন সেকশন-১২ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ফোর স্টার গ্রুপের মশিউর গ্রুপের অস্ত্রধারী সদস্য শেখ ওসমান গনি সোহাগ (৩৫) কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সোহাগের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা অবৈধ অস্ত্র দিয়ে ফোর স্টার গ্রুপের সদস্যরা পল্লবী, মিরপুর, শাহ আলী, কাফরুলসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালাত। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিত এবং সেই মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করত। এ ছাড়া বিভিন্ন পেশাদার অপরাধীর কাছে ভাড়ায় অস্ত্র সরবরাহের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এসব অস্ত্র ব্যবহার করে খুন, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধ সংঘটিত হতো বলে জানায় ব্যাটালিয়নটি।

সোহাগের বিরুদ্ধে পল্লবী ও তেজগাঁও থানায় অস্ত্র, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ পাঁচটি মামলা থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে, সোহাগের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাতে রূপনগর থানাধীন শিয়ালবাড়ি কবরস্থানের আশপাশে অভিযান চালায় এসআরবি-৪। সেখানে ডাকাতির প্রস্তুতি নেওয়ার অভিযোগে ফোর স্টার গ্রুপের সাত-আট সদস্যের একটি দল সমবেত হয়েছিল। অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রনি ব্যাপারী (৩৫), মো. রনি (২৬), মো. হাসিব (২৭), মো. ইমন মোল্লা (২৫) ও মো. সৌরভ বেপারী (১৯)।

তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, স্টিলের সামুরাই, দেশীয় অস্ত্র, ৩০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া অভিযানে ১২টি রামদা, চাকু ও দুটি সামুরাইসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানায় এসআরবি-৪।

গ্রেপ্তার রনি ব্যাপারীর বিরুদ্ধে পল্লবীসহ বিভিন্ন থানায় ডাকাতি, মারামারি ও মাদকসংক্রান্ত চারটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। অপর গ্রেপ্তার রনি মিরপুর এলাকার ফোর স্টার গ্রুপের সক্রিয় সদস্য এবং ‘বোমা কাল্লু’র ঘনিষ্ঠ সহযোগী বলে প্রাথমিকভাবে জানা গেছে। হাসিবের বিরুদ্ধে একটি প্রতারণার মামলার তথ্য রয়েছে।

এসআরবি-৪ এর দাবি, গ্রেপ্তার ছয়জনই ফোর স্টার গ্রুপের মশিউর গ্রুপের ছত্রছায়ায় চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। রাজধানীতে অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-৪।

ক্যাটাগরি