বন্য শুকরের হামলায় আহত দুই জুমচাষীর চিকিৎসায় সহায়তার হাত বাড়াল আলীকদম সেনা জোন
বান্দরবানের আলীকদমে জুম চাষ করতে গিয়ে বন্য শুকরের আক্রমণে গুরুতর আহত দুই ম্রো চাষীর চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছে আলীকদম সেনা জোন। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালে ভর্তি ও চিকিৎসা কার্যক্রমেও সহযোগিতা করেছে সেনা জোন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আহত দুই জুমচাষীর চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য সেনা জোনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আহতরা হলেন, আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের বলাইপাড়া এলাকার মৃত মেনরাই মুরোর ছেলে নিয়াচং মুরো (নিরাচং মুরো) ও চংরাই মুরোর ছেলে নুরিইক মুরো।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে বলাইপাড়া এলাকায় জুমের কাজ করার সময় বন্য শুকরের আক্রমণে গুরুতর আহত হন ওই দুই চাষী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার খবর পাওয়ার পর আহতদের চিকিৎসা ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেয় আলীকদম সেনা জোন। সেনা জোনের উদ্যোগে চমেক হাসপাতালে তাদের দ্রুত ভর্তি ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হয়। পাশাপাশি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. নাজিম ইকবালের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
চিকিৎসকের বরাত দিয়ে জানা গেছে, যথাযথ চিকিৎসা পাওয়ায় আহত দুজনের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত থাকলেও একজনের হাতে হাড় ভেঙে যাওয়ায় (ফ্র্যাকচার) তার চিকিৎসা অব্যাহত রয়েছে।
আলীকদম সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও দরিদ্র মানুষের বিপদ-আপদে সেনাবাহিনী মানবিক সহায়তা নিয়ে সবসময় পাশে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।