রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন ও আদালত

খুলনায় ভ্যানে করে বাড়ি ফেরার পথে বিএনপি নেতাকে গুলি

খুলনার তেরখাদায় ভ্যানে করে বাড়ি ফেরার পথে মাফিক সরদার (৪০) নামের বিএনপির এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোকামপুর বাজারসংলগ্ন বন্ধুর মোড়ে এ ঘটনা ঘটে।

আহত মাফিক সরদার তেরখাদা উপজেলার মোকামপুর গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে। তিনি মধুপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য।

স্বজনদের ভাষ্য, শনিবার রাতে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন মাফিক। পথে বন্ধুর মোড়ে পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চার-পাঁচজন অস্ত্রধারী তার পথরোধ করে।

একপর্যায়ে তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় তারা। এর মধ্যে তিনটি গুলি তার কোমর, হাত ও পায়ে বিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় মোকামপুর বাজারের লোকজন জানান, গুলি করার পর হামলাকারীরা মোটরসাইকেলে করে মোকামপুর বাজারের ওপর দিয়ে দক্ষিণ দিকে চলে যায়।

এ বিষয়ে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আলী বিশ্বাস জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য তার জানা নেই।

ক্যাটাগরি