শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন ও আদালত

মহেশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ২

কক্সবাজারের মহেশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরি দুটি বন্দুকসহ ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার কুতুবজোম উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন বড় মহেশখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. নুরুল আমিন (৫০) ও ৭ নম্বর ওয়ার্ডের পলাশ দে ওরফে বাবু (৪৫)।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড কক্সবাজার স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. আরাফাত হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে কোস্ট গার্ড অভিযান চালালে ৪-৫ জন পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে দুজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে দুটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে বলে জানায় কোস্ট গার্ড। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাদের মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

ক্যাটাগরি