বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন ও আদালত

মহালছড়িতে টমটম খাদে পড়ে নারীসহ আহত ৫, সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার

খাগড়াছড়ির মহালছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত টমটম সড়কের পাশের খাদে পড়ে নারীসহ পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মাইসছড়ি ইউনিয়নের খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের লেমুছড়ি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

আহতরা হলেন—ক্যায়াংঘাট ইউনিয়নের মো. ছগীর আহম্মেদ (২৫) ও মুরশিদা আক্তার (৩০) এবং মাইসছড়ি ইউনিয়নের কালোপাহাড় এলাকার মাহবুব হোসেন (৩২), জামাল উদ্দিন (৩২) ও ফাতেমা আক্তার (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাকিজাছড়ি থেকে চারজন যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত টমটম মহালছড়ি উপজেলা সদরের দিকে যাচ্ছিল। পথে বদনালা এলাকা অতিক্রম করে লেমুছড়ি বটতলার পাহাড়ি ঢাল বেয়ে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারালে টমটমটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে চালকসহ পাঁচজন আহত হন।

দুর্ঘটনার পর খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রাকালে সেনাবাহিনীর একটি গাড়িবহরের সদস্যরা আহতদের দেখতে পেয়ে দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে এবং অপর তিনজনকে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এ বিষয়ে মহালছড়ি জোন কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার সময় সেনাবাহিনীর একটি টহল দল মহালছড়ি থেকে মাইসছড়ি পর্যন্ত সড়কে নিয়মিত দায়িত্ব পালন করছিল। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই টহল দলটি ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

জোন কর্তৃপক্ষ আরও জানায়, দুর্গত মানুষের পাশে দাঁড়ানো এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে মানবিক সহায়তা প্রদানের কার্যক্রম অব্যাহত থাকবে।

ক্যাটাগরি