শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন ও আদালত

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে লামায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল

বান্দরবানের লামায় দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে লামা বাজারের নদীর ঘাট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে লামা উপজেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লামা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা যুবদলের সদস্য সচিব সিরাজুল ইসলাম এবং উপজেলা মহিলা দলের সভানেত্রী জোসনা বেগম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মিরাজ উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের বেলাল উদ্দিন, পৌর যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমান, জেলা ক্রীড়াদলের সদস্য চৌধুরী মুহাম্মদ সুমন, উপজেলা যুবদল নেতা বাবু মং মার্মা, যুবদল নেতা মো. চান মিয়াসহ বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে মো. জাকির হোসেন বলেন, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম বলেন, লামা উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নামে অপপ্রচার বা উসকানিমূলক কর্মকাণ্ড নজরে এলে সংশ্লিষ্টদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি।

উপজেলা মহিলা দলের সভানেত্রী জোসনা বেগম বলেন, লামা উপজেলায় যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে, তাদের শক্ত হাতে দমন করা হবে। পাশাপাশি যারা টাকার বিনিময়ে আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন, তাদের বিরুদ্ধে দলীয় ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে অভিযোগ জানানো হবে।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তারা আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদ জানান।

ক্যাটাগরি