সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

পাহাড়ের কৃষিতে আধুনিকতার ছোঁয়া, ৭ কোটি টাকার যন্ত্র বিতরণ।

পাহাড়ের কৃষিতে আধুনিকতার ছোঁয়া দিতে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে আধুনিক কৃষিযন্ত্র ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম সরবরাহের উদ্যোগ নিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। জেলার ১০ উপজেলার প্রান্তিক কৃষকদের মধ্যে এসব যন্ত্র বিতরণ করা হচ্ছে। এতে কৃষিকাজে যান্ত্রিকীকরণের পাশাপাশি উৎপাদিত ফলমূল ও কৃষিপণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং বাণিজ্যিকভাবে বাজারজাতকরণের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। এ সময় উপজেলা ভিত্তিতে পরিষদের সদস্যদের হাতে বিভিন্ন ধরনের কৃষিযন্ত্র ও সরঞ্জাম তুলে দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অন্যতম অগ্রাধিকার হচ্ছে কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জীবনমান উন্নয়ন। সরকারের এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে পাহাড়ের প্রান্তিক কৃষকদের আধুনিক প্রযুক্তির আওতায় আনতে জেলা পরিষদ এ উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, কৃষকদের চাহিদা ও প্রয়োজন বিবেচনায় প্রাথমিক পর্যায়ে বিভিন্ন ধরনের কৃষিযন্ত্র বিতরণ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে পাওয়ার টিলার, ধান রোপণ ও কাটার যন্ত্র, ফুড ড্রায়ার, জুসার, সিলারসহ খাদ্য প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন আধুনিক সরঞ্জাম। পর্যায়ক্রমে কৃষকদের প্রয়োজন অনুযায়ী আরও যন্ত্রপাতি সরবরাহ করা হবে।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে এসব যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে। উপজেলা ভিত্তিতে কৃষকদের প্রয়োজন অনুযায়ী পাওয়ার টিলার, ধান রোপণ ও কাটার যন্ত্র, গ্রাইন্ডার, ফুড ড্রায়ার, জুসার ও সিলার মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হচ্ছে।

জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী এরশাদ মন্ডল জানান, পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং কৃষিতে ইতিবাচক পরিবর্তন আনতে স্থানীয় কৃষকদের চাহিদা অনুযায়ী এসব আধুনিক সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে প্রায় ৭ কোটি টাকার যন্ত্রপাতি বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, এসব যন্ত্র ব্যবহারের মাধ্যমে কৃষিকাজে শ্রম ও সময় সাশ্রয়ের পাশাপাশি উৎপাদিত ফলমূল ও কৃষিপণ্য প্রক্রিয়াজাত করে সংরক্ষণ এবং বাজারজাত করার সুযোগ তৈরি হবে। ফুড ড্রায়ারের মাধ্যমে ফলমূল ও অন্যান্য খাদ্যপণ্য শুকিয়ে সংরক্ষণ, জুসারের মাধ্যমে ফলের পানীয় তৈরি এবং সিলার মেশিন দিয়ে প্যাকেজিং করা সম্ভব হবে। অন্যদিকে পাওয়ার টিলার ও ধান রোপণ-কাটার যন্ত্র কৃষকদের কৃষিকাজ সহজ করতে ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টদের মতে, পাহাড়ের কৃষিতে দীর্ঘদিনের অন্যতম বড় সমস্যা উৎপাদিত ফসল সংরক্ষণ ও বাজারজাতকরণ। দুর্গম যোগাযোগব্যবস্থা এবং পর্যাপ্ত সংরক্ষণ সুবিধার অভাবে মৌসুমি ফলমূল ও শাকসবজির একটি বড় অংশ নষ্ট হয়ে যায়। এতে উৎপাদন করেও ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন অনেক কৃষক।

নতুন এ উদ্যোগ বাস্তবায়িত হলে পাহাড়ে উৎপাদিত আনারস, কলা, পেঁপে, আম ও কাঁঠাল দিয়ে জুস, শুকনো খাবারসহ বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত খাদ্যপণ্য তৈরির সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি প্যাকেজিং ও বাজারজাতকরণের মাধ্যমে স্থানীয়ভাবে ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে ওঠার সম্ভাবনাও তৈরি হবে।

তিন পার্বত্য জেলার মধ্যে আয়তনে সবচেয়ে বড় রাঙামাটি। প্রায় ১৪টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাস এ জেলার বিস্তীর্ণ পাহাড়ি জনপদে। এসব এলাকার অধিকাংশ মানুষের জীবন-জীবিকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। তবে আধুনিক প্রযুক্তি, কৃষিযন্ত্র, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ সুবিধার অভাবে দীর্ঘদিন ধরেই পাহাড়ের কৃষি সম্ভাবনার পূর্ণ বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রায় ৭ কোটি টাকার এ উদ্যোগ যথাযথ বাস্তবায়ন ও তদারকির মাধ্যমে পাহাড়ের কৃষিতে নতুন গতি সঞ্চার করবে। এতে কৃষকের উৎপাদন ব্যয় ও শারীরিক শ্রম কমার পাশাপাশি ফসলের অপচয় রোধ, কৃষিপণ্যের মূল্য সংযোজন, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রান্তিক পরিবারের আয় বৃদ্ধির নতুন সুযোগ তৈরি হবে।

ক্যাটাগরি