সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন ও আদালত

লামায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠনের নেতা গ্রেফতার

বান্দরবানের লামায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠনের নেতাকে গ্রেফতার করেছে লামা থানা পুলিশ। গতকাল রাতে উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন ফাঁসিয়াখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াবুল করিম (৩০) এবং ফাইতং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার জিয়াবুল করিম ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড় ছনখোলা এলাকার বাসিন্দা। তিনি মোস্তাফিজুর রহমান ও জাহানারা বেগমের ছেলে। অপরদিকে আবুল কাশেম ফাইতং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বুড়ির চিকনঘোনা এলাকার বাসিন্দা। তিনি মোহাম্মদ হোসেন ও আনছারিয়া ফেরদৌসের ছেলে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, লামা থানাধীন বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি, যেমন জন্মদিনের কেক কাটা, মিছিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসংক্রান্ত ঘটনায় তদন্তে তাদের সম্পৃক্ততার সত্যতা পাওয়া গেছে। এসব ঘটনায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে।

ওসি আরও জানান, গ্রেফতার দুজনকে ১৫ নভেম্বর ২০২৬ ইং তারিখে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, লামা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত দুজনকেই বান্দরবান জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ক্যাটাগরি