সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন ও আদালত

লংগদুতে স্ত্রী আনতে গিয়ে শ্বশুরবাড়ির মারধরে জামাইয়ের মৃত্যু!

রাঙামাটির লংগদু উপজেলায় স্ত্রী ও দেড় মাস বয়সী কন্যাসন্তানকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার হয়ে কবিরের ছেলে মিলন (২৪) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, শ্বশুরবাড়ির লোকজনের এলোপাতাড়ি মারধরের কারণেই তার মৃত্যু হয়েছে।

গত শুক্রবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার বগাচত্বর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে পারিবারিক কলহের জেরে মিলনের স্ত্রী শারমিন (২০) বাবার বাড়িতে চলে যান। শুক্রবার সকালে স্ত্রী ও দেড় মাস বয়সী কন্যাসন্তানকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে যান মিলন। এ সময় পূর্বের বিরোধের জেরে শ্বশুরবাড়ির লোকজন তার স্ত্রীকে স্বামীর সঙ্গে যেতে বাধা দেন এবং ঘরে আটকে রাখেন বলে অভিযোগ রয়েছে।

একপর্যায়ে মিলন তার শিশুকন্যাকে কোলে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হলে শ্বশুরবাড়ির লোকজন তার ওপর হামলা চালিয়ে মারধর করেন বলে অভিযোগ করেন নিহতের পরিবারের সদস্যরা। পরে আহত অবস্থায় শিশুকন্যাকে নিয়ে নিজ বাড়িতে ফিরে যান তিনি। বাড়িতে পৌঁছানোর কিছুক্ষণ পর হঠাৎ মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন মিলন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম (চকবাজার) মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লংগদু থানায় মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ক্যাটাগরি