পাঁচবিবিতে পুলিশের অভিযানে ২৮৮ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, আটক ১
জয়পুরহাটের পাঁচবিবিতে থানা পুলিশের বিশেষ অভিযানে ২৮৮ বোতল নিষিদ্ধ ঘোষিত ভারতীয় যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুর রশিদ (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পাঁচবিবি থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ নভেম্বর রোববার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বাগজানা ইউনিয়নের পূর্ব কুটাহারা (সরদারপাড়া) গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে আব্দুর রশিদের বাড়িতে অভিযান চালায় পুলিশ।
এ সময় তার শয়নকক্ষের খাটের নিচ থেকে ২৮৮ বোতল AKL-One (Syrup Cowhage) উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তামবিরুল ইসলাম জানান, এলাকার যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।