৩০০ কেজি গাঁজা উদ্ধার, খুলনায় অস্ত্র-গুলিসহ নারী গ্রেপ্তার; টাঙ্গাইলে প্রতারক আটক
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ৩০০ কেজি গাঁজা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। একই সময়ে খুলনায় পৃথক দুটি অভিযানে দুটি বিদেশি পিস্তল, একটি দেশীয় ওয়ান শুটারগান ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাজিয়া বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া টাঙ্গাইলে প্রতারণার অভিযোগে সেলিম খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি।
রোববার (১৫ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান সংস্থাটির পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং)।
এসআরবি সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার চান্দুরা ইউনিয়নের রসুলপুর থেকে মনিপুরগামী সড়কের পাশে ফসলি বিলে অভিযান চালায় এসআরবি-৯-এর একটি দল। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে ১৫ থেকে ১৭ জন মাদক কারবারি কয়েকটি বান্ডিল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ২৫টি বান্ডিলে মোট ৩০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় নুরুল ইসলাম নামে এক মাদক কারবারিকে শনাক্ত করা হয়েছে। পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে উদ্ধার করা গাঁজা বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, গত ১৩ নভেম্বর খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলিসহ রাজিয়া বেগম নামে একজনকে গ্রেপ্তার করে এসআরবি-৬। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
এরপর ১৪ নভেম্বর খুলনা মহানগরীর সদর থানাধীন দক্ষিণ টুটপাড়া এলাকার বালুর মাঠ সংলগ্ন একটি বাড়ির টিনের প্রাচীরের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
এছাড়া টাঙ্গাইল সদর থানাধীন পৌর এলাকার বাজারে অভিযান চালিয়ে সেলিম খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি। তিনি আয়ুব আলী খানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। অভিযানের সময় তাঁর ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসআরবি জানতে পারে, সেলিম খান দীর্ঘদিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সম্মানিত ব্যক্তিদের ছবি ও নাম ব্যবহার করে একাধিক পেজ খুলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর ও অপরাধমূলক কর্মকাণ্ডের নির্দেশনা প্রচার করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় এসআরবির ফলোআপ অভিযান অব্যাহত রয়েছে।
এসআরবি জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মানবাধিকার সুরক্ষা, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।