পরিত্যাক্ত বাড়িতে বোমাসদৃশ বস্তু, নিরাপত্তায় পুলিশি পাহারা
লক্ষ্মীপুরের রায়পুরে একটি পরিত্যক্ত বাড়ি থেকে বোমাসদৃশ বস্তু ভর্তি দুটি টিনের কৌটা উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের একটি বাড়ি থেকে কৌটা দুটি উদ্ধার করা হয়। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আবু তাহের সিকদারের পরিত্যক্ত বাড়িতে দুটি পাউডার দুধের টিনের কৌটা পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে কৌটার মুখ খুলে ভেতরে বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে হাজীমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কৌটা দুটি উদ্ধার করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি এবং তিনজনকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলাম সুজনের ভাড়া বাসার সন্ধান পান তদন্তকারী কর্মকর্তা।
সোমবার ওই বাসা থেকে বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার তাঁর বাসার পেছনে মাটির নিচে লুকানো অবস্থায় আরও দুটি কৌটা পাওয়া যায়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁঞা আজকের পত্রিকাকে বলেন, কৌটা দুটি বিদেশি পাউডার দুধের। প্রতিটি কৌটায় আনুমানিক ৩ থেকে ৪ কেজি ধারণক্ষমতা রয়েছে।
প্রাথমিকভাবে ভেতরে কসটেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, বিষয়টি আদালতকে জানিয়ে বুধবার আবেদন করা হবে। আদালতের নির্দেশনা পেলে বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তা নেওয়া হবে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে পুলিশি পাহারা অব্যাহত থাকবে।