বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন ও আদালত

রাঙামাটিতে সাংবাদিকের মোটরসাইকেলে কাভার্ড ভ্যানের ধাক্কা, হত্যাচেষ্টার অভিযোগ

রাঙামাটিতে পূর্ববিরোধের জেরে সন্তানসহ এক সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ‘দি বান্দরবান পরিবহন’-এর মালিক, ম্যানেজার ও সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে রাঙামাটি কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দৈনিক রূপান্তর বাংলার জেলা প্রতিনিধি এস এম জাহাঙ্গীর আলম (৪৫)।

সোমবার (৯ নভেম্বর) দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট হ্যাপির মোড় সড়কে ‘দি বান্দরবান পরিবহন’-এর একটি কাভার্ড ভ্যান বিপরীতমুখী অবস্থানে রেখে পণ্য ওঠানামা করায় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এ ঘটনার ভিডিও ধারণ করে প্রকাশ করেন সাংবাদিক জাহাঙ্গীর আলম। এরপর থেকে পরিবহনটির মালিক মোখতার, ম্যানেজার ও চালকদের সঙ্গে তাঁর বিরোধের সৃষ্টি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ওই ভিডিও প্রকাশের পর তাঁকে বিভিন্ন সময় গাড়িচাপা দিয়ে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল বলেও দাবি তাঁর।

অভিযোগে বলা হয়, গত ৫ নভেম্বর দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিটে সন্তানদের নিয়ে মোটরসাইকেলে করে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভেদভেদী বাজারের মঞ্জু স্টোরের সামনে পৌঁছালে পেছন থেকে ‘দি বান্দরবান পরিবহন’-এর একটি কাভার্ড ভ্যান তাঁর মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে সাংবাদিক জাহাঙ্গীর আলম এবং তাঁর ছেলে জাবির, মেয়ে জারিন ও ছোট মেয়ে মুনতাহা আহত হন। এ সময় মোটরসাইকেলের পেছনের ব্যাকলাইট ও সামনের হেডলাইটের কভার ভেঙে যায়।

জাহাঙ্গীর আলমের দাবি, ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক তাঁর সঙ্গে তর্কে জড়ান। পরে স্থানীয় লোকজন জড়ো হলে গাড়ি সরানোর কথা বলে চালক ঘটনাস্থল ত্যাগ করেন। পরিবহনটির মালিক মোখতারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। এমনকি ঘটনার ভিডিও পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানালেও কোনো সাড়া মেলেনি বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার দিন দুপুর ২টা ১ মিনিটে পরিবহনটির ম্যানেজার পরিচয়ে একটি নম্বর থেকে তাঁকে ফোন করা হয়। কথোপকথনের একপর্যায়ে ওই ব্যক্তি বলেন, ‘আপনি আগে এই পরিবহন নিয়ে একটি ভিডিও করেছিলেন। এসব করবেন না। এটি আপনার জন্য সতর্কবার্তা।’ পাশাপাশি রাস্তা ছোট হওয়ায় পণ্য ওঠানামার সুবিধার্থে বিপরীত পাশে গাড়ি রাখতে হয় এবং প্রশাসন বিষয়টি জানে বলেও দাবি করেন ওই ব্যক্তি।

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক জাহাঙ্গীর আলম। তিনি পরিবহনটির মালিক, ম্যানেজার ও সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে কোতোয়ালী থানার ওসির কাছে আবেদন জানিয়েছেন।

এদিকে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পরিবহন মালিক, ম্যানেজার ও চালকদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

ক্যাটাগরি