পাঁচবিবির শালাইপুরে সুপ্রভাত প্রি-ক্যাডেট স্কুলে বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজারে অবস্থিত সুপ্রভাত প্রি-ক্যাডেট স্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়, বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় শালাইপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল কর্তৃপক্ষের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন এলাকার সমাজসেবী ও পোস্টমাস্টার আব্দুল মজিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শালাইপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল। স্কুলের অতিথি শিক্ষক রাশেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ দেলোয়ার হোসেন চৌধুরী, স্কুলের পরিচালক মিজানুর রহমান, শালাইপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন ইসলাম, রুনিহালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজাদ হোসেন এবং কুয়াতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলজার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি ও অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত মোট ৩০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া স্কুলের কৃতী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন পুরস্কার তুলে দেন অতিথিরা।
বক্তারা শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গান, নাচ ও নানা পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে শেষ হয়।