লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর পর এবার উপ-সহকারী প্রকৌশলী খাইরুলের ঘুষ লেনদেনের ভিডিও ফাঁস।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামের টাকা লেনদেনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘুষ লেনদেনের ভিডিও প্রকাশ্যে আসায় বিদ্যুৎ বিভাগের সেবার স্বচ্ছতা ও সততা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সচেতন মহলের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
সম্প্রতি ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, একটি বিদ্যুৎ মিটারের প্রসঙ্গ তুলে সেবাগ্রহীতার কাছে নগদ ৫ হাজার টাকা দাবি করছেন উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলাম। এ সময় তার পাশে থাকা অন্য এক কর্মচারীকে আরও ৯ হাজার টাকা দেওয়ার কথাও বলতে শোনা যায়। একপর্যায়ে দরকষাকষি শেষে ওই সেবাগ্রহীতার কাছ থেকে নগদ ৩ হাজার টাকা গ্রহণ করেন উপ-সহকারী প্রকৌশলী। এই দপ্তরের নির্বাহ উপ-সহকারী প্রকৌশলীর ঘুষ গ্রহণের ভিডিও ফাঁসের ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় গ্রাহকরা।
এছাড়াও, এর আগেও নানা ভাবে ঘুষ লেন-দেনের অভিযোগ রয়েছে এ কর্মকর্তার বিরুদ্ধে। কিছুদিন আগে পৌর ১৫ নং ওয়ার্ডের এ ব্যাক্তির থেকে ৫ হাজার টাকা ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। সেটি বিভিন্ন গণমাধ্যমেও প্রচার হয়।
এর আগে, এ অফিসের নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের কয়েক কোটি টাকা ঘুষ বানিজ্যেরও ভিডিও ফাঁস হয়। পরে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।
কিন্তু পরপর ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন লক্ষ্মীপুরের বাসিন্দারা।
তবে তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলাম। তিনি দাবি করেন, ‘এটি সম্পূর্ণ অসত্য তথ্য। আমি কোনো ধরনের অবৈধ টাকার লেনদেন করিনি।’
উর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের পরেও লক্ষ্মীপুর পিডিবি অফিসে এই ধরনের অনিয়মের বিরুদ্বে তদন্ত করে আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ ও সচেতনমহল