লামার রূপসীপাড়ায় বিনামূল্যে মোবাইল হেলথ ক্যাম্প, সেবা পেলেন ২২৪ জন
বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে মোবাইল হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ ক্যাম্পে সাধারণ রোগী ও গর্ভবতী মায়েসহ মোট ২২৪ জনকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) রূপসীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর অর্থায়নে, লামা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সার্বিক সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রীন হিলের উদ্যোগে এ স্বাস্থ্যসেবা কার্যক্রমের আয়োজন করা হয়।
গ্রীন হিল বাস্তবায়িত ‘Strengthening Maternity and Child Health Services Delivery for the Marginalized Community in Bandarban through Green Hill – Emergency Response’ প্রকল্পের আওতায় এ ক্যাম্প পরিচালিত হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ক্যাম্পে ১৮৫ জন সাধারণ রোগী এবং ৩৯ জন গর্ভবতী মা চিকিৎসা ও মাতৃস্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
ক্যাম্পে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা সহকারী উপপরিচালক (সিসি) মো. রফিকুল ইসলাম এবং লামা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রবুজ বড়ুয়া।
এ সময় চিকিৎসাসেবা প্রদান করেন লামা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. বাপ্পি মারমা ও উপসহকারী মেডিকেল অফিসার। পাশাপাশি গর্ভবতী মায়েদের মাতৃস্বাস্থ্যসেবা দেন পরিবার পরিকল্পনা বিভাগের পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) এবং গ্রীন হিলের মিডওয়াইফ।
এ ছাড়া পরিবার পরিকল্পনা পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক, এসএমসিএইচএসডি প্রকল্পের প্রোগ্রাম অফিসার, গ্রীন হিলের স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দুর্গম ও প্রত্যন্ত এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় মাতৃস্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তারা আরও জানান, এ ধরনের মোবাইল হেলথ ক্যাম্পের মাধ্যমে দুর্গম এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও গর্ভবতী মায়েরা সহজেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।