রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

বান্দরবানে ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে মো. শরিফ নামে এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) সকালে বান্দরবান পৌরসভার কসাইপাড়া এলাকার মানুর ঝিরি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. শরীফ বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড মেঘলা তালুকদার পাড়ার বাসিন্দা জহির আহম্মদের ছেলে এবং বান্দরবান পৌর যুবদল ৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে স্থানীয় কয়েকজন কাজে যাওয়ার পথে ঝিরির মধ্যে রক্তাক্ত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা আরও জানায়, শরিফ পেশায় একজন রাজমিস্ত্রি। স্বাভাবিক কোনো কারণে জঙ্গল পেরিয়ে ওই ঝিরিতে যাওয়ার কথা নয় তার। ফলে এই মরদেহ উদ্ধার নিয়ে জনমনে বেশ কৌতূহল দেখা দিয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মো. শরিফের নাক ও কান দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার কারণে মাথায় আঘাত পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ক্যাটাগরি