রাঙামাটিতে রাতের আঁধারে সরকারি অফিসে তালা, শহরে ছাত্রদলের মহড়া
রাতের আঁধারে রাঙামাটি শহরের গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা লাগানোর ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার সকালে জেলা জজ আদালত, প্রধান বন সংরক্ষকের কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রবেশপথে তালা দেখতে পান সংশ্লিষ্টরা। পরে খবর পেয়ে শহরের বিভিন্ন স্থানে মহড়া দিয়ে এসব তালা ভেঙে ফেলেন ছাত্রদলের নেতাকর্মীরা।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে তালা লাগানোর কর্মসূচির দায় স্বীকার করেছেন বলে দাবি করা হচ্ছে নিষিদ্ধ ঘোষিত রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ চাকমার বিরুদ্ধে। তাঁর পোস্টে ছাত্রলীগের পক্ষ থেকে এ কর্মসূচি বাস্তবায়নের কথা উল্লেখ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সকালে বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ফটকে তালা ঝুলতে দেখা যায়। তবে রাতের কোন সময়ে এবং কারা এসব তালা লাগিয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ব্যক্তিরা।
এ ঘটনায় জেলা জজ আদালতের প্রধান ফটকেও তালা ঝুলতে দেখা যায়। পরে আদালতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কর্মচারীরা তালা খুলে দেন বলে জানা গেছে।
এদিকে সরকারি প্রতিষ্ঠানে তালা লাগানোর খবর ছড়িয়ে পড়লে শহরে সক্রিয় হয়ে ওঠেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদল নেতা ওমর মুরশেদের নেতৃত্বে একটি দল শহরের বিভিন্ন এলাকায় মহড়া দেয়। এ সময় সরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠানের ফটকে ঝুলিয়ে রাখা তালা হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয়। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যেকোনো কর্মকাণ্ড প্রতিহত করার ঘোষণা দেন তাঁরা।
মহড়া চলাকালে ছাত্রদলের নেতারা বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কোনো ধরনের কার্যক্রম চোখে পড়লে স্থানীয়দের তাৎক্ষণিকভাবে তাঁদের জানানোর আহ্বান জানানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে তাঁরা প্রস্তুত রয়েছেন বলেও জানান।
অন্যদিকে, আদালতসহ গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের ফটকে রাতের আঁধারে তালা লাগানোর ঘটনায় শহরবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
এ বিষয়ে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জসীম উদ্দীন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে প্রচারণা শুরু হয়। পুলিশ একাধিক সরকারি কার্যালয়ে গিয়ে তালা খোলা অবস্থায় পেয়েছে। বর্তমানে সব প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে।