শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

আমলাতন্ত্রের বাইরে এক ‘মানবিক অভিভাবক’: আলীকদমের ইউএনও’র বদলিতে সোশ্যাল মিডিয়ায় ভালোবাসার জোয়ার*

হাবিবুর রশিদ হিমন, বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মঞ্জুর আলমের পদোন্নতিজনিত বদলির খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগ ও প্রশংসার জোয়ার বইছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাঁকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে মুন্সীগঞ্জে পদায়ন করার পর থেকেই ফেসবুকজুড়ে উনাকে নিয়ে একের পর এক আবেগঘন পোস্ট করছেন স্থানীয় বাসিন্দারা।

দাপ্তরিক কাজের পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগে প্রতিদিন সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এই কর্মকর্তার বিদায়ের সংবাদে আলীকদমের সর্বস্তরের মানুষের মাঝে মিশ্র অনুভূতি দেখা দিয়েছে। উনার এই পদোন্নতিতে আলীকদমবাসী একদিকে যেমন আনন্দিত, অন্যদিকে প্রিয় অভিভাবককে হারানোর বেদনায় ব্যথিত।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নাগরিক সমাজের লেখায় স্পষ্ট ফুটে উঠেছে—আমলাতান্ত্রিক পরিচয়ের বাইরে গিয়ে তিনি কীভাবে প্রতিটি মানুষের কাছে এক পরম নির্ভরতার প্রতীক হয়ে উঠেছিলেন। সেখানে উঠে আসছে উনার প্রতিদিনের নিঃস্বার্থ কাজের কথা। সরকারি দাপ্তরিক সেবার পাশাপাশি ব্যক্তিগত পর্যায় থেকেও প্রতিদিন অসংখ্য অভাবী, অসহায় ও জরুরি প্রয়োজনে আসা মানুষদের পাশে দাঁড়িয়েছেন তিনি। যেকোনো মানুষ সত্যিকারের সমস্যা নিয়ে উনার দ্বারে গেলে খালি হাতে ফেরেননি।

ফেসবুকে স্থানীয় বাসিন্দারা লিখেছেন— সরকারি চাকরিতে অনেকেই আসেন আর যান, শুধুমাত্র রুটিন দায়িত্ব পালন করে বদলি হয়ে যান। কিন্তু মঞ্জুর আলম স্যার ছিলেন আলাদা। তিনি আলীকদমে শুধু একজন সরকারি কর্মকর্তা ছিলেন না, বরং আলীকদম পরিবারের একজন বড় ভাইয়ের মতো সবাইকে পরম মমতায় আগলে রেখেছেন। অফিশিয়ালি এবং নন-অফিশিয়ালি, যারই সাহায্যের প্রয়োজন হয়েছে, তিনি সাধ্যের সর্বোচ্চ দিয়ে পাশে দাঁড়িয়েছেন।

বিদায়বেলায় আলীকদমের প্রতিটি নাগরিক একবাক্যে এই মানবিক কর্মকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং উনার নতুন কর্মস্থলের জন্য শুভকামনা জানাচ্ছেন। অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে মুন্সীগঞ্জে উনার নতুন পথচলা শুভ ও সাফল্যমণ্ডিত হোক—এমনটাই প্রত্যাশা বান্দরবানের এই প্রান্তিক জনপদের মানুষের।

ক্যাটাগরি