বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

রাঙ্গামাটিতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত

মোহাম্মদ মামুন-কাউখালী (রাঙ্গামাটি) প্রতিনিধি

রাঙ্গামাটি, ২৩ সেপ্টেম্বর ২০২৬:
“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”—এই প্রত্যয়কে সামনে রেখে তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের আয়োজনে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) আয়োজিত জমজমাট ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরানুল হক ভূঁইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম।

রাঙ্গামাটি পার্বত্য জেলার ১০টি উপজেলা থেকে অনূর্ধ্ব-২০ বালক ও বালিকা বিভাগে মোট ২০টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। নিজ নিজ থানার প্রতিনিধিত্বকারী দলগুলো প্রতিযোগিতার বিভিন্ন ধাপ অতিক্রম করে ফাইনালে জায়গা করে নেয়।

ফাইনাল খেলাকে ঘিরে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। খেলোয়াড়দের দুর্দান্ত ক্রীড়া নৈপুণ্য, তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং দর্শকদের উৎসাহ-উদ্দীপনায় মুখর হয়ে ওঠে আয়োজনস্থল। খেলাধুলার এই আয়োজনের মাধ্যমে তরুণদের পাশাপাশি পুলিশ ও স্থানীয় জনগণের মধ্যেও সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়।

বালক বিভাগে ফাইনালে মুখোমুখি হয় কাউখালী বালক দল ও জুরাছড়ি বালক দল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় জুরাছড়ি বালক দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কাউখালী বালক দল রানার্সআপ হয়।

অন্যদিকে বালিকা বিভাগে কাউখালী ও জুরাছড়ি বালিকা দল ফাইনালে মুখোমুখি হয়। প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় জুরাছড়ি বালিকা দল চ্যাম্পিয়ন এবং কাউখালী বালিকা দল রানার্সআপ হয়।

ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দল ও খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে ইতিবাচক, সুস্থ ও সুন্দর জীবনধারায় এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

আয়োজকরা বলেন, কাবাডি শুধু একটি খেলা নয়; এটি শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যবোধ গড়ে তোলার একটি শক্তিশালী মাধ্যম। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তোলার পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল) হাসান রাশেদ পরাগ, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক চৌধুরী, জুরাছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মঈন উদ্দীন, জেলা গোয়েন্দা শাখার ওসি এইচ.এম. মাহমুদসহ রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড় এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।

খেলাধুলায় ঐক্য গড়ি,
মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গড়ি।

ক্যাটাগরি