লামায় জাসাসের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নড়াইল জেলার কালিয়া পৌর জাসাস নেতা সোহেল মোল্লা হত্যার প্রতিবাদ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী জ্বালাও-পোড়াও, সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগের বিরুদ্ধে বান্দরবানের লামায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
শনিবার (২১ নভেম্বর) জাসাস লামা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। লামা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা বিএনপির মহিলা নেত্রী শারাবান তহুরা ও মহিলা দল নেত্রী জহুরা বেগম। এ সময় বক্তব্য দেন লামা উপজেলা জাসাসের সভাপতি জহির।
সমাবেশে বক্তারা নড়াইলের কালিয়া পৌর জাসাস নেতা সোহেল মোল্লা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে দেশব্যাপী সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন লামা উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সোহাগ, সিনিয়র সহসভাপতি মো. আইয়ুব, পৌর জাসাসের সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মো. আজম, ফাইতং ইউনিয়ন জাসাসের সম্পাদক নুরুল আবছার সুমন এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জাসাসের সভাপতি দিদারুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জাসাসের উপজেলা, পৌর ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।