রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

পাহাড়ে জরুরি স্বাস্থ্য বিপর্যয়: মেডিকেল টিম নিয়ে দুর্গম রেমাক্রিতে ৫৭ বিজিবি

হাবিবুর রশিদ হিমন, ​বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের দুর্গম মদক ভিতরপাড়া এলাকায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। খবর পাওয়ার পরপরই সীমান্তে সুরক্ষার পাশাপাশি জরুরি মানবিক সহায়তায় এগিয়ে এসেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। বিজিবির উদ্ধার ও মেডিকেল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আক্রান্ত অন্যান্য রোগীদের জরুরি চিকিৎসাসেবা দেওয়া শুরু করেছে।

​বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) আনুমানিক সকাল ৬টার দিকে মদক বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ভিতরপাড়া গ্রামের থুই মা চিং মার্মা (৪২) নামে এক নারী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঘটনাটির খবর পাওয়ার পর বিষয়টি সরেজমিনে যাচাই ও স্থানীয়দের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর মদক বিওপি থেকে মেডিকেল সহকারী, প্রয়োজনীয় ঔষধ ও একটি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

​ঘটনাস্থলে গিয়ে বিজিবি টিম ডায়রিয়ায় আক্রান্ত আরও কয়েকজন স্থানীয় বাসিন্দাকে শনাক্ত করে এবং তাৎক্ষণিকভাবে তাদের চিকিৎসা শুরু করে। বর্তমানে সেখানে চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে।

​দুর্গম এই সীমান্ত এলাকায় আক্রান্তদের উন্নত সেবা দিতে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে সমন্বয়ের মাধ্যমে ইতোমধ্যে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে। এছাড়া চিকিৎসা ব্যবস্থা আরও জোরদার করতে আগামীকাল (২০ সেপ্টেম্বর) ৫৭ বিজিবির মেডিকেল অফিসারের নেতৃত্বে প্রয়োজনীয় ঔষধ ও আধুনিক সরঞ্জামসহ আরও একটি বিজিবি মেডিকেল টিম ঘটনাস্থলে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম এলাকার নাগরিকদের যেকোনো জরুরি প্রয়োজনে মানবিক সহায়তা প্রদান এবং স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় রেখে এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ক্যাটাগরি