পাহারায় সীমান্ত, ভালোবাসায় পাহাড়: আলীকদমে ৫৭ বিজিবির বহুমাত্রিক কল্যাণযাত্রা
হাবিবুর রশিদ হিমন, বান্দরবান প্রতিনিধি:
পাহাড়ের আঁকাবাঁকা সীমান্ত কিংবা দুর্গম চূড়ায় যখন অস্ত্র হাতে দিন-রাত জেগে থাকেন জওয়ানরা, তখন নিশ্চিত ঘুমায় দেশের মানুষ। তবে আলীকদমের দুর্গম পাহাড়ি জনপদে বিজিবির ভূমিকা এখন কেবল সীমান্ত সুরক্ষাতেই সীমাবদ্ধ নেই; তা হয়ে উঠেছে অসহায় পাহাড়ি মানুষের বাঁচার অবলম্বন ও আস্থার প্রতীক।
কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) তাদের নিয়মিত সীমান্ত পাহারার পাশাপাশি পাহাড়ি এলাকার প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে গ্রহণ করেছে নানামুখী সামাজিক ও মানবিক উদ্যোগ।
দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে আলীকদমের কচুরছড়া জবিরাম কারবারী পাড়া স্কুলের অবকাঠামোগত উন্নয়নে সিমেন্ট সহায়তা দিয়েছে ৫৭ বিজিবি। একই সঙ্গে দারিদ্র্যের কষাঘাতে যেসব শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল, তাদের স্কুলের বেতন ও শিক্ষা-সংক্রান্ত প্রয়োজনীয় ব্যয় মেটাতে প্রদান করা হয়েছে নগদ আর্থিক অনুদান।
সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আবারও ঘুরে দাঁড়ানোর শক্তি জোগাচ্ছে বিজিবি। ক্ষতিগ্রস্তদের গৃহ পুনর্নির্মাণ ও মেরামতের জন্য দেওয়া হয়েছে ঢেউটিন। পাশাপাশি স্থানীয় কৃষকদের আত্মনির্ভরশীল করে তুলতে এবং কৃষিভিত্তিক জীবিকা পুনর্গঠনে বিতরণ করা হয়েছে বিভিন্ন উন্নত জাতের সবজি বীজ।
কেবল তাৎক্ষণিক ত্রাণ নয়, পরিবারগুলোর দীর্ঘমেয়াদী উপার্জনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে তুলে দেওয়া হয়েছে সেলাই মেশিন। চলাচলে অক্ষম একজন বয়স্ক প্রতিবন্ধী ব্যক্তির জীবনের কষ্ট লাঘবে প্রদান করা হয়েছে একটি হুইলচেয়ার। এছাড়া জটিল ও কঠিন রোগে আক্রান্ত দরিদ্র মানুষদের চিকিৎসা খরচ মেটাতে আর্থিক সাহায্য এবং খাদ্যসংকটে থাকা পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ মানবিক কর্মযজ্ঞ প্রসঙ্গে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ কেবল সীমান্তের অতন্দ্র প্রহরী নয়, দেশের প্রতিটি সংকট ও দুর্গম জনপদের মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানবিক মূল্যবোধ ও জনসম্পৃক্ততাকে আমরা সবসময় অগ্রাধিকার দিই। আলীকদমের দুর্গম সীমান্তে বসবাসকারী মানুষের জীবনমান উন্নয়ন ও যে কোনো প্রয়োজনে বিজিবির এই কল্যাণমুখী প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”