শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ উইলিয়াম লুসাই মেমোরিয়াল হল উদ্বোধন

নজরুল ইসলাম, লামা, বান্দরবান।
বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধন করা হয়েছে ডাঃ উইলিয়াম লুসাই মেমোরিয়াল হল। হাসপাতালের সভা, সেমিনার, প্রশিক্ষণসহ বিভিন্ন অভ্যন্তরীণ কার্যক্রম আরও সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এ মেমোরিয়াল হলটি উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে মেমোরিয়াল হলটির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোলায়মান আহমেদ, ডাঃ ফরহাদ উদ্দিন এবং লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সিনিয়র নার্স উম্মে সালমা খানম এবং লামায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, অত্র হাসপাতালের সভা-সেমিনার করার জন্য নতুন এই হলটি খুবই ভালো ও সুন্দর হবে।

সিনিয়র নার্স উম্মে সালমা খানম বলেন, ডাঃ উইলিয়াম লুসাই মেমোরিয়াল হল উদ্বোধনের ফলে হাসপাতালের অভ্যন্তরীণ কার্যক্রম আরও সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম হাসপাতালের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান। তিনি বলেন, গণমাধ্যমে হাসপাতালের সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরা হলে সেবার মানোন্নয়নে তা সহায়ক হবে।

এ সময় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা চালুর বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। ডাঃ গোলাম মোস্তফা নাদিম বলেন, অ্যাম্বুলেন্স সেবা চালুর বিষয়ে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে এবং সেবা চালুর জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই মেমোরিয়াল হল চালুর ফলে হাসপাতালের নিয়মিত সভা, সেমিনার, প্রশিক্ষণ ও অভ্যন্তরীণ সমন্বয় কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনার সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়নে কর্তৃপক্ষ, কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকার ওপরও গুরুত্বারোপ করা হয়।

ক্যাটাগরি