সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত।

অহিদুল ইসলাম অভি জেলা প্রতিনিধি রাঙামাটি

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ লাইন্স মাঠে মঙ্গলবার (২৮ জুলাই) জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

প্যারেডের অভিবাদন গ্রহণ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। এ সময় তিনি প্যারেড পরিদর্শন করেন এবং মাস্টার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও টার্নআউট মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত সদস্যদের জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

পরে পুলিশ সুপার উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও আইনানুগ আচরণের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকান্দারের নেতৃত্বে রাঙ্গামাটি জেলা পুলিশের সাতটি কন্টিনজেন্ট সুশৃঙ্খলভাবে পুলিশ সুপারকে অভিবাদন জানিয়ে প্যারেড সমাপ্ত করে।

মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার জেলা পুলিশের যানবাহন শাখা পরিদর্শন করেন। একই সঙ্গে কিট প্যারেডের মাধ্যমে পুলিশ সদস্যদের সরকারি সরঞ্জামাদি ও ইউনিফর্মের সংরক্ষণ, ব্যবহার এবং রক্ষণাবেক্ষণের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) আসিফ ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকান্দার, সহকারী পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল) মো. নুরুল আমীন, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হকসহ রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি