“লামায় যৌতুক দাবি করায় স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে আদালতে মামলা”
নজরুল ইসলাম লামা (বান্দরবান):
বান্দরবানের লামায় ৫ লাখ টাকা যৌতুকের দাবি, মানসিক নির্যাতন ও তালাকের হুমকির অভিযোগে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন এক গৃহবধূ।
অভিযোগকারী গৃহবধূ তৌফিয়েত জান্নাত শান্তা (১৮) বাদী হয়ে লামা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলা নং- ২৮৩/২০২৬ দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।
মামলার আসামিরা হলেন— বাদীর স্বামী মো. রাসেল (২৯) এবং শাশুড়ি রাশেদা বেগম (৫৭)। তাঁরা লামা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লামামুখ এলাকার বাসিন্দা। আসামিদের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৫ সালের ৩ জুলাই নিবন্ধিত কাবিননামায় রাসেল ও শান্তার বিয়ে হয়। বিয়ের প্রায় এক মাস পর স্বামী রাসেল প্রবাসে চলে যান। স্বামী ব্যবসায় ক্ষতির অজুহাত ও প্রবাসে জেল খাটার ভয় দেখিয়ে পরিবারের কাছে জরুরি ভিত্তিতে ৭ লাখ টাকা যৌতুক দাবি করেন। পরবর্তীতে বাদীর নিম্ন-মধ্যবিত্ত পরিবার বিভিন্ন জনের কাছ থেকে ধার-দেনা করে ২ লাখ টাকা সংগ্রহ করে শাশুড়ি রাশেদা বেগমের হাতে তুলে দেয়।
কিন্তু ওই টাকা পাওয়ার কিছুদিন পর স্বামী পুনরায় বাকি ৫ লাখ টাকা দাবির জন্য চাপ দিতে থাকেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে স্বামী তালাক দেওয়ার হুমকি দেওয়া শুরু করেন। বাদী বিষয়টি শাশুড়িকে জানালে শাশুড়িও ছেলের পক্ষ নিয়ে টাকা এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন।
গৃহবধূ তৌফিয়েত জান্নাত শান্তা জানান, শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় তাঁর মা-বাবাকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে গেলে শাশুড়ি রাশেদা বেগম চরম দুর্ব্যবহার করেন এবং সাফ জানিয়ে দেন যে, ৫ লাখ টাকা যৌতুক না দিলে সংসার করা হবে না এবং বাড়িতেও থাকতে দেওয়া হবে না। পরে বাধ্য হয়ে বাদী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানান। স্থানীয়ভাবে বিচার-সালিশে ব্যর্থ হয়ে তিনি আদালতের দ্বারস্থ হন।
মামলার বিষয়টি নিশ্চিত করে লামা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী অ্যাডভোকেট আরিফ চৌধুরী জানান, গত সোমবার (১৯ অক্টোবর) আদালত অভিযোগটি পর্যালোচনা করে আমলে নেন এবং আসামিদের বিরুদ্ধে সমন জারি করার নির্দেশ প্রদান করেন।