রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

ভারি বৃষ্টিতে ভেঙে গেছে উত্তর নাইল্যাছড়ি জামে মসজিদ সংলগ্ন সামাজিক কবরস্থান, দ্রুত সংস্কারের দাবি

মোহাম্মদ মামুন, কাউখালী (রাঙ্গামাটি) প্রতিনিধি:

টানা ভারি বৃষ্টির কারণে রাঙ্গামাটির কাউখালী উপজেলার ৪ নম্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর নাইল্যাছড়ি জামে মসজিদ সংলগ্ন সামাজিক কবরস্থানের একাংশ ধসে পড়েছে। এতে কবরস্থানের মাটি সরে গিয়ে কয়েকটি কবর ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও দাফনের কাপড় ও কবরের অংশ দৃশ্যমান হয়ে পড়েছে, যা স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও বেদনার সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এই সামাজিক কবরস্থানটি প্রায় ৪০০টি পরিবারের প্রায় ২ হাজার মানুষের একমাত্র দাফনস্থল। কবরস্থানের একটি বড় অংশ ভেঙে যাওয়ায় ভবিষ্যতে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এলাকাবাসী।

এলাকাবাসীর দাবি, উত্তর নাইল্যাছড়ি একটি হতদরিদ্র এলাকা। স্থানীয়ভাবে এত বড় সংস্কারকাজের ব্যয়ভার বহন করা তাদের পক্ষে সম্ভব নয়। তাই সরকারি উদ্যোগে দ্রুত কবরস্থানটি সংস্কার করা জরুরি।

উত্তর নাইল্যাছড়ি জামে মসজিদের খতিব মাওলানা আরিফুল ইসলাম বলেন, “কবরস্থান একটি পবিত্র স্থান। এর পবিত্রতা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। বৃষ্টিতে কবরস্থান ভেঙে যাওয়ায় আমরা অত্যন্ত মর্মাহত। দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।”

স্থানীয় বাসিন্দারা বলেন, “প্রতিনিয়ত বৃষ্টির কারণে কবরস্থান আরও ভেঙে পড়ছে। এতে কবরের মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে এবং আমাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। আমরা উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত স্থায়ী সংস্কারের জোর দাবি জানাচ্ছি, যাতে ভবিষ্যতে আর কোনো কবর ক্ষতিগ্রস্ত না হয়।”

এ বিষয়ে এলাকাবাসী উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

ক্যাটাগরি