রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

লামায় পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে ৪০ লাখ টাকা ও হাইজিন কিট বিতরণ

নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলায় সাম্প্রতিক পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ৫০০ ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে নগদ ৪০ লাখ টাকা এবং হাইজিন কিট বিতরণ করেছে বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস)। সিডার অর্থায়নে ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্পের কর্মসূচি পরিচালক পেশল চাকমা, অপারেশন অ্যান্ড কমপ্লায়েন্স ডিরেক্টর মেমা সিং, ফাইন্যান্স ডিরেক্টর আবামং মার্মা, প্রোগ্রাম ম্যানেজার ভাননুন সিয়াম বমসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সহায়তার আওতায় প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ৮ হাজার টাকা এবং একটি করে হাইজিন কিট প্রদান করা হয়।

অনুদান পেয়ে উপকারভোগী বদি আলম, জ্যাচিং মার্মা, উলুমং মার্মা ও জান্নাতুল ফেরদৌস বলেন, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে তাদের বসতঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন দুর্যোগপূর্ণ সময়ে এই সহায়তা তাদের জন্য স্বস্তি ও আশার বার্তা হয়ে এসেছে।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রকৌশলী আবু হানিফ, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ সোলায়মান, সমাজসেবা কর্মকর্তা তানবীর হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিলা আক্তারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় প্রকল্পের কর্মসূচি পরিচালক পেশল চাকমা জানান, প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী লামা পৌরসভায় ১২৫ পরিবার, লামা সদর ইউনিয়নে ৫০ পরিবার, গজালিয়া ইউনিয়নে ৫০ পরিবার, আজিজনগর ইউনিয়নে ৭৫ পরিবার, ফাঁসিয়াখালী ইউনিয়নে ১২৫ পরিবার এবং রূপসীপাড়া ইউনিয়নে ৭৫ পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, প্রকল্পের পরবর্তী পর্যায়ে বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ও থানচিপাড়ার আরও ৪০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝেও একই ধরনের নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ করা হবে।

ক্যাটাগরি