৬ মাস ধরে বন্ধ লামা-সুয়ালক সড়কের প্রশস্তকরণ কাজ, টংগ্যাঝিরিতে চরম দুর্ভোগ
নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলার গুরুত্বপূর্ণ লামা-সুয়ালক সড়কের টংগ্যাঝিরি এলাকায় প্রায় ছয় মাস ধরে সড়ক প্রশস্তকরণের কাজ বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় সড়কের বিভিন্ন অংশ ভেঙে গিয়ে এটি অনেকটাই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সোমবার (২০ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, টংগ্যাঝিরি এলাকায় রাস্তার প্রায় অর্ধেক অংশ ভেঙে গেছে। বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং সড়কের একাংশ ধসে পড়েছে। বর্ষার বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। বিশেষ করে মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও অন্যান্য যাত্রীবাহী যানবাহনকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। প্রতিবেদকের ধারণ করা ছবি ও ভিডিওতেও সড়কের বেহাল চিত্র স্পষ্টভাবে উঠে এসেছে।
স্থানীয় পথচারীরা জানান, রমজান ঈদের পর থেকে আর কোনো শ্রমিক বা যন্ত্রপাতি নিয়ে সড়কে কাজ করতে দেখা যায়নি। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা দ্রুত নির্মাণকাজ পুনরায় শুরুর দাবি জানান।
ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকরা বলেন, সড়কের বেহাল অবস্থার কারণে প্রায়ই মোটরসাইকেল ও অন্যান্য যাত্রীবাহী যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। ঝুঁকি নিয়েই যাত্রী পরিবহন করতে হচ্ছে তাদের। দ্রুত সড়কের কাজ শেষ করে নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবি জানান তারা।
এ বিষয়ে কাজের অগ্রগতি জানতে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে লামা উপজেলা এলজিইডির প্রকৌশলী বলেন, “সড়কটির কাজ দীর্ঘদিন বন্ধ থাকার বিষয়টি জেলা পর্যায়ে লিখিতভাবে জানানো হয়েছে। দ্রুত সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই কাজ পুনরায় শুরু করা সম্ভব হবে।”
স্থানীয়দের অভিযোগ, লামা-সুয়ালক সড়কটি উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় সাধারণ মানুষকে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই জনস্বার্থে দ্রুত সড়ক প্রশস্তকরণের কাজ পুনরায় শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।