ধর্মীয় উসকানিমূলক পোস্টের অভিযোগ: জিডি, মুচলেকা ও জিম্মাদারের মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ
লামায় সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় উসকানিমূলক পোস্ট শেয়ারের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক প্রতিক্রিয়ার পর বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে লামা থানা।
জানা যায়, অভিযোগের পর অভিযুক্ত অশ্বিনী দে-কে লামা থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি লিখিত মুচলেকার মাধ্যমে স্বীকার করেন যে, তিনি ভুল করেছেন এবং অসুস্থ অবস্থায় ওই পোস্ট করেছিলেন। তিনি ভবিষ্যতে এ ধরনের কোনো কর্মকাণ্ডে জড়াবেন না বলে অঙ্গীকার করেন। একই সঙ্গে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং তার কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়।
এছাড়া দুইজন সনাতন ধর্মাবলম্বী নেতার জিম্মাদার কাগজ গ্রহণ করে তাদের জিম্মায় অশ্বিনী দে-কে ছেড়ে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইছার হামিদ, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন, লামা উপজেলা জামায়াতের আমির কাজী মো. ইব্রাহিম, লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, লামা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আবুল হাশেম, সাংবাদিক নজরুল ইসলাম, পুলিশের ডিএসবি কর্মকর্তা শহিদুল ইসলাম এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।
উপস্থিত সবাই সামাজিক সম্প্রীতি বজায় রাখা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীল থাকার আহ্বান জানান।