লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস-২০২৬
নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা এবং বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুম সরদার, সহকারী বন সংরক্ষক মাসুম আলম, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিলা আক্তার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মোহাম্মদ ইব্রাহিম, জুলাই যোদ্ধা আবুল বাশার ও মো. আরফান, এনসিপির প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সুধীসমাজের প্রতিনিধিরা।
বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক আত্মত্যাগ ও বীরত্বগাথা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। শহীদদের স্বপ্ন বাস্তবায়ন এবং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন লামা মডেল মসজিদের ইমাম মুফতি ইব্রাহিম খলিল সাদেকী।