সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

লামা পৌর এলাকায় বন্যাদুর্গত ২৮১ পরিবার পেল সরকারি ত্রাণ সহায়তা

নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দে এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বান্দরবানের লামা পৌরসভার ৪ ও ৮ নম্বর ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮১টি পরিবারের মাঝে সরকারি ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য খুরশিদা বেগম। এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী এম. রুহুল আমিন, লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, বিএনপির নারী নেত্রী জুস্না বেগম, বিএনপি নেতা জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় লামা পৌর এলাকার অনেক পরিবার ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক ও মানবিক সংগঠন এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদি সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠান শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮১টি পরিবারের হাতে চালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণ পেয়ে উপকারভোগীরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগ-পরবর্তী এই সহায়তা তাদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে।

ক্যাটাগরি