শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

বন্যার্ত ফারুয়ায় ছুটে গিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন এমপি দীপেন দেওয়ান।

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :

টানা প্রবল বর্ষণে প্লাবিত রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন ২৯৯–রাঙামাটি আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি।
মঙ্গলবার সকালে নৌপথে দুর্গত এলাকায় পৌঁছে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, কৃষক ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্ভোগ, ক্ষয়ক্ষতি ও জরুরি প্রয়োজনের বিষয়ে খোঁজখবর নেন এবং তাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে দীপেন দেওয়ান এমপি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা দ্রুত নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি তিনি আহ্বান জানান।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান, জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা, জেলা পরিষদ সদস্য ড্যানিয়েল পাঙ্খোয়া, বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাফর আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক পর্যায়ের প্রতিনিধিরা।

পরিদর্শন শেষে উপজেলা পরিষদে সংসদ সদস্যের কার্যালয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় বন্যা পরিস্থিতি মোকাবিলা, দুর্গম এলাকার যোগাযোগ ব্যবস্থা সচল রাখা, ত্রাণ কার্যক্রম জোরদার করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এদিকে, বন্যাকবলিত এলাকার বাসিন্দারা আশা প্রকাশ করেন, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে দ্রুত ত্রাণ সহায়তা এবং পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়িত হবে, যা তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়ক ভূমিকা রাখবে।

ক্যাটাগরি