৪নং কলমপতি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সড়কের পাশের সরকারি গাছ ঝুঁকিপূর্ণ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি
মোহাম্মদ মামুন, কাউখালী (রাঙ্গামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাউখালী উপজেলার ৪নং কলমপতি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সড়কের পাশের বেশ কয়েকটি সরকারি গাছ টানা ভারি বৃষ্টির কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। গাছগুলোর গোড়ার মাটি সরে যাওয়ায় যে কোনো সময় গাছ উপড়ে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ সড়ক দিয়ে প্রতিদিন যানবাহন চলাচল করে। পাশাপাশি বৃদ্ধ, অসুস্থ ব্যক্তি, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ অসংখ্য সাধারণ মানুষ এই পথ ব্যবহার করেন। সড়কের পাশেই বিদ্যুতের খুঁটি ও বৈদ্যুতিক তার থাকায় ঝুঁকি আরও বেড়েছে।
এ অবস্থায় উপজেলা প্রশাসন, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দ্রুত ঝুঁকিপূর্ণ গাছগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবি জানানো হচ্ছে।