শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগ পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন

নজরুল ইসলাম (লামা, বান্দরবান)

টানা ভারী বর্ষণে সৃষ্ট পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পার্বত্য অঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীনস্থ ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (১৭ ইসিবি)।

দীর্ঘদিন ধরে ১৭ ইসিবি বান্দরবান–থানচি, থানচি–আলীকদম এবং থানচি–রেমাক্রী–মদক–লিকড়ি সড়কের নির্মাণ, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি, খাড়া পাহাড়, প্রতিকূল আবহাওয়া এবং কঠিন কর্মপরিবেশের মধ্যেও ব্যাটালিয়নের সদস্যরা এসব গুরুত্বপূর্ণ সড়ক সচল রাখতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন।

সম্প্রতি টানা ভারী বর্ষণের কারণে এসব সড়কের বিভিন্ন স্থানে পাহাড়ধস ও ভূমিধসের ঘটনা ঘটে। এতে বিপুল পরিমাণ মাটি, পাথর ও ধ্বংসাবশেষ সড়কের ওপর জমে যানবাহন চলাচল ব্যাহত হয়। ফলে স্থানীয় জনগণের স্বাভাবিক যাতায়াত, জরুরি সেবা কার্যক্রম এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের সদস্যরা দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় পুনরুদ্ধার কার্যক্রম শুরু করেন। ভারী যন্ত্রপাতি ও আধুনিক প্রকৌশল সরঞ্জামের সহায়তায় সেনাসদস্যরা অব্যাহত বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সড়কের ওপর জমে থাকা মাটি, পাথর ও ধ্বংসাবশেষ অপসারণ করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে দিনরাত কাজ চালিয়ে যাচ্ছেন।

বাংলাদেশ সেনাবাহিনীর এ কার্যক্রমের মূল লক্ষ্য হলো দ্রুত সড়ক যোগাযোগ পুনঃস্থাপন করে স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘব, জরুরি সেবা নিশ্চিত করা এবং পার্বত্য অঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনা।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং পার্বত্য অঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ সচল রাখতে সর্বোচ্চ আন্তরিকতা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের সঙ্গে পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।

ক্যাটাগরি