ইজারাকৃত বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ
রনি বসু,ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৯ নম্বর ভাঙ্গনামারী ইউনিয়নের বয়রা খেয়াঘাট সংলগ্ন ভাটিপাড়া-২ বালুর ঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।
জানা গেছে, উক্ত বালুমহালের বৈধ ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজ। অভিযোগ রয়েছে, জাহাঙ্গীর ও বাপ্পি নামের দুই ব্যক্তি ইজারাদারের অনুমতি ছাড়াই ভেকু (খননযন্ত্র) ব্যবহার করে বালুমহাল থেকে উত্তোলিত বালু আত্মসাৎ করে বিভিন্ন স্থানে বিক্রি করছেন।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এভাবে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির কারণে সরকার রাজস্ব হারাচ্ছে। পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশেরও ক্ষতি হচ্ছে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে বালুমহালের ইজারাদার মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বলেন, “আমার বৈধ ইজারাকৃত বালুমহাল থেকে জাহাঙ্গীর ও বাপ্পি ভেকু লাগিয়ে নিয়মিত বেআইনিভাবে বালু চুরি করে বিক্রি করছে। আমি বারবার ইউএনও মহোদয়কে বিষয়টি জানিয়েছি। এখন আমি মিডিয়ার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যেন আমি ন্যায়বিচার পাই এবং সঠিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা বলেন, “আমি বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব।”
তবে এ বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর ও বাপ্পির বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংবাদে সংযুক্ত করা হবে। প্রশাসনের পক্ষ থেকে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।