রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

ভোলাহাটে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, ভূমি সেবার মানোন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশের ন্যায় তিন দিনব্যাপী “ভূমি সেবা মেলা-২০২৬” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে ভার্চুয়ালি মেলার শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ নাগরিক” প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় ভোলাহাট উপজেলা ভূমি অফিস এ মেলার আয়োজন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল মোর্শেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ্, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, সমবায় অফিস সহকারী মোঃ আব্দুল জলিল, আরডিও মোঃ সবুজ আলী এবং ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ পিয়ার জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন।

ভূমি মেলার উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

আয়োজক সূত্রে জানা যায়, তিন দিনব্যাপী এ মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান, নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর বিষয়ে তথ্যসেবা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

ক্যাটাগরি