সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভোলাহাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জে চ্যানেল ওয়ান প্রতিনিধি মোঃ তারেক রহমান ও মাই টিভি প্রতিনিধি মোঃ তারেক আজিজের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেফতারে পুলিশের ব্যর্থতার অভিযোগে ভোলাহাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে সকাল ১১টায় ভোলাহাট প্রেসক্লাবের সামনে স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে এ প্রতিবাদ সভার আয়োজন করে ভোলাহাট সাংবাদিক সমাজ।

ভোলাহাট প্রেসক্লাবের সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ শরিফুল ইসলাম শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শাহ্ কবির ও বিএম রুবেল আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজা মুক্তা, সাংবাদিক মোঃ রবিউল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম আর্মি, মোঃ সাহিবুল ইসলাম, এসএম সাজিব হোসেন, মোঃ ইয়াকুব হোসেন, পত্রিকা এজেন্ট মোঃ মতিউর রহমান, প্রেসক্লাব পিয়ন মোঃ সামশুদ্দিন গরিবুলসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। সেই দর্পণ ভাঙার অপচেষ্টা কখনো মেনে নেয়া হবে না।” তারা সাংবাদিক তারেক রহমান ও তারেক আজিজের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, সাংবাদিকরা জনগণ ও রাষ্ট্রের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কর্তব্যরত সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা অত্যন্ত ঘৃণ্য ও নিন্দনীয় ঘটনা। এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে জেলা শহরের বাতেন খাঁ মোড় এলাকায় চা পান করার সময় দৈনিক আমার দেশ ও চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভির প্রতিনিধি তারেক আজিজের উপর অতর্কিত হামলা চালায় একাধিক মামলার আসামি রাব্বিসহ কয়েকজন সন্ত্রাসী। এতে দুই সাংবাদিক আহত হন।

ক্যাটাগরি