৩ বিভাগে বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির আভাস, এরপরও বাড়বে তাপমাত্রা
দেশের তিন বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়ার আভাসও রয়েছে।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে তথ্যটি জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় বিরাজ করছে।
এমন পরিস্থিতিতে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় শনিবার সকাল ৯টার মধ্যে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
অন্য দিকে দেশের বাকি এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এ দিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে, যা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে যশোরে, ১৬ মিলিমিটার।