সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

এ নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, এটি গণতন্ত্র-মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রাম: হুমাম কাদের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) সংসদীয় আসনে নির্বাচনী রাজনীতিতে উত্তাপ ছড়াতে শুরু করেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে প্রচারণায় মাঠে নামেন ধানের শীষ প্রতীকের প্রার্থী হুমাম কাদের চৌধুরী।

সকাল সাড়ে ১০টার দিকে তিনি অলিকুল শিরমনি মেহেরুজ্জামান (রহ.)-এর কবর জিয়ারতের মাধ্যমে মেহরিয়া মইনুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণ থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, রাঙ্গুনিয়া তার পিতা মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর স্মৃতিবিজড়িত এলাকা।

সবাইকে সঙ্গে নিয়ে রাঙ্গুনিয়াকে একটি আধুনিক ও স্বনির্ভর উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।পরে তিনি সরফভাটা ক্ষেত্রবাজার, ইত্যাদি স্টোরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাঙ্গুনিয়ার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী তার সঙ্গে উপস্থিত ছিলেন।

অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম পোমরা খাঁ মসজিদে দুই রাকাত নফল নামাজ আদায় ও জিয়ারতের মধ্য দিয়ে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন।

এছাড়া বৃহত্তর সুন্নী জোটের মোমবাতি প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ইকবাল হাছান পোমরা ভবানীমিল এলাকায় হযরত মজনু শাহ (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমের সূচনা করেন।

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনটি বরাবরই আলোচিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এ আসনে ভোটারদের আগ্রহ ও কৌতূহল দিন দিন বাড়ছে।

 

ক্যাটাগরি