শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

গণমানুষের প্রত্যাশা পূরণে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে: অধ্যক্ষ নুরুল আমিন

চট্টগ্রাম, ১ অক্টোবর ২০২৬: চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন এবং মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ। বৃহস্পতিবার চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে তাঁরা অংশ নেন। উল্লেখ্য, চ্যানেল আই ১৯৯৯ সালের ১ অক্টোবর বাণিজ্যিক সম্প্রচার শুরু করে এবং এ বছর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।

অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, “চ্যানেল আইয়ের কাছে আমাদের প্রত্যাশা-দেশ ও মানুষের কথা আরও বেশি করে তুলে ধরতে হবে। সত্য, ন্যায় ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমকে মানুষের আস্থার জায়গা আরও শক্তিশালী করতে হবে। সমাজের অসংগতি, দুর্নীতি, অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে জনমত গঠনের পাশাপাশি ইতিবাচক বাংলাদেশ নির্মাণে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে।”

তিনি বলেন, “আমরা সরকারের কাছেও প্রত্যাশা করি, গণমাধ্যমের স্বাধীন ও দায়িত্বশীলভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা হবে। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের তথ্য জানার অধিকার সমুন্নত রাখতে হবে। একই সঙ্গে রাষ্ট্র ও সমাজে এমন কোনো পরিবেশ সৃষ্টি করা যাবে না, যেখানে অতীতের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। জনগণের গণতান্ত্রিক অধিকার, ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার মধ্য দিয়েই একটি স্থিতিশীল ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে হবে।”

অধ্যক্ষ নুরুল আমিন আরও বলেন, “পলাতক স্বৈরাচার ও ফ্যাসিবাদী শক্তি যাতে কোনোভাবেই রাষ্ট্র ও রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে, সে বিষয়ে রাজনৈতিক দল, গণমাধ্যম, নাগরিক সমাজসহ সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখাই হতে হবে আমাদের সম্মিলিত অঙ্গীকার।”

এ সময় তিনি চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চ্যানেল আইয়ের সকল সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, কলাকুশলী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে চ্যানেল আই আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

ক্যাটাগরি