শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানী

নির্বাচনি প্রচার জামায়াত-এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি

জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসের লোগো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্ধারিত সময়ের আগে ভোটের প্রচারকাজ না করতে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসসহ চারটি দলকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দলগুলোর প্রধানদের কাছে এ সংক্রান্ত চিঠি দিয়েছে সাংবিধানিক এ সংস্থাটি। নির্বাচন কমিশনের একটি সূত্র চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন। বিএনপি ইসিতে গিয়ে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানিয়েছিল।

ইসির চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ করা হয়, ২১ জানুয়ারির আগে নির্বাচনি প্রচার নিষিদ্ধ থাকা সত্ত্বেও জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাচনি প্রচার অব্যাহত রেখেছে, যা ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫’ এর বিধি ১৮ এর পরিপন্থী।

এতে আরও বলা হয়, নির্বাচন কমিশন উল্লিখিত অভিযোগ পর্যালোচনা করে নির্ধারিত সময়ের পূর্বে নির্বাচনি প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রধান ও দলের সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান স্বাক্ষরিত অভিযোগে বলা হয়, জামায়াতে ইসলামী ও তাদের জোটভুক্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ ইসলামী শাসনতান্ত্রিক আন্দোলন এবং বাংলাদেশ খেলাফত মজলিস তাদের বিভিন্ন নির্বাচনি আসনে নির্বাচনি প্রচার অব্যাহত রেখেছে (অনুলিপি সংযুক্ত)। তফসিল অনুযায়ী ২১ জানুয়ারির আগে এ ধরনের নির্বাচনি প্রচারণা ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ এর বিধি ১৮ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৪৪খ অনুচ্ছেদের (৩ক) (ছ) বি দফার বিধানের সুস্পষ্ট লঙ্ঘন।

অভিযোগে আরও বলা হয়, ইতোমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ব্যক্তিগত সফরে তার নিজ গ্রামের বাড়ি ও জাতীয় নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং ২৪ এর শহীদ আবু সাঈদের মাজার জিয়ারত ও দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশগ্রহণের উদ্দেশ্যে গমনের সফরসূচি প্রদান করলেও নির্বাচন কমিশনের অনুরোধের প্রতি সম্মান জানিয়ে সফর স্থগিত ঘোষণা করে কমিশনের কাজে সহযোগিতা করেছেন। অথচ আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো যেভাবে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করছে, তা একদিকে নির্বাচনি আইনের লঙ্ঘন এবং অন্যদিকে লেভেল প্লেয়িং ফিল্ড ক্ষুণ্ন করছে। অথচ নির্বাচন কমিশন রহস্যজনকভাবে নির্লিপ্ত রয়েছে।

এমতাবস্থায়, সব প্রার্থী যেন নির্বাচনি আচরণবিধি মেনে চলে এবং লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থাকে, সে বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।

ক্যাটাগরি