বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তীতে শিবির-ছাত্রদল হতাহাতি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উদ্যাপনের অনুষ্ঠানস্থলে মুখোমুখি অবস্থানে দেখা গেছে শাখা ছাত্রশিবির ও ছাত্রদলের নেতা-কর্মীদের। এ সময় দুই সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সদস্যরা দুই পক্ষকে আলাদা করেন। বুধবার (১৮ নভেম্বর) ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে হীরকজয়ন্তী উদযাপনের অনুষ্ঠানস্থলে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আনন্দমিছিল নিয়ে অনুষ্ঠানের মাঠে প্রবেশ করেন শাখা ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। এ সময় তাদের মুখোমুখি হন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রক্টরিয়াল বডির সদস্যদের দুই পক্ষের মাঝখানে অবস্থান নিয়ে তাদের আলাদা করতে দেখা যায়।
এ সময় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. ইব্রাহীমকে উদ্দেশ করে বলেন, ‘তোমার ছেলেরা আমাদের ধাক্কা দিয়েছে’।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি হচ্ছে। আমাদের বড় ভাইয়েরা এসেছেন। আমরা আনন্দ করব। এ উৎসব নষ্ট করার জন্য মিছিল নিয়ে আসবে, তা প্রত্যাশা করিনি। তারা মিছিল নিয়ে এসে ধাক্কাধাক্কি ও আঘাত করেছে। আমরা পরিস্থিতি অনুযায়ী সেখান থেকে চলে এসেছি। আমরা চাই, উৎসবটি সুন্দরভাবে শেষ হোক’।

মিছিলের নেতৃত্বে থাকা শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. ইব্রাহীম কেন্দ্রীয় খেলার মাঠে মাইক ব্যবহার করে বলেন, ‘ছাত্রদলের সভাপতি বলেছেন, এখানে মিছিল হলে বিশৃঙ্খলা হতে পারে। আমি তাঁকে আশ্বস্ত করেছি, আমাদের লোকজনের কেউ সেখানে ঢুকবে না। আমরা শান্তিপূর্ণ ক্যাম্পাস চাই। ছাত্রসংগঠন হিসেবে আমাদের কর্মসূচি থাকবেই। আশা করি, তাঁরা কারও কর্মসূচিতে বাধা দেবেন না। তাঁরা তাঁদের কর্মসূচি পালন করবেন, আমরা আমাদেরটা পালন করব’।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুল হোসেন বলেন, ‘তেমন কিছু হয়নি। কেন্দ্রীয় খেলার মাঠে শাখা ইসলামী ছাত্রশিবিরের একটি আনন্দ মিছিল প্রবেশ করছিল। সে সময় শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে কিছু কথা হয়। এর পরিপ্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। তবে কেউ আহত হননি। আমরা মাঝখানে মধ্যস্থতা করার পরপরই দুই পক্ষ নিজেদের মতো চলে গেছে’।

ক্যাটাগরি