বাঁশখালীতে গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে আগুন
চট্টগ্রামের বাঁশখালীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরীর বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে দুর্বৃত্তরা বাড়ির প্রধান দরজার জানালার ফাঁক দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তবে পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।
আমিনুর রহমান চৌধুরী জানান, রাত ২টা ৪৫ মিনিটের দিকে দুই থেকে তিনজন ব্যক্তি বাড়ির সামনের দরজার জানালার ফাঁক দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন লাগানোর পরপরই তারা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
তিনি জানান, বাড়ির পাশের পুকুরপাড়ে একটি মুরগির খামারে কয়েকজন লোক অবস্থান করছিলেন। তারা আগুন দেখতে পেয়ে এগিয়ে আসার আগেই অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যান। ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য ছিলেন না। পরে তার ভাইয়ের শ্যালক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন ঘরের ভেতরের কাঠের দরজায় ছড়িয়ে পড়ার আগেই তা নেভানো সম্ভব হয়।
ঘটনার পরপরই রাতের টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পাশাপাশি দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় যাতে কোনো ধরনের নাশকতা বা অগ্নিসন্ত্রাসের ঘটনা না ঘটে, সেজন্য পুলিশকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।