সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন
চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে করে পেট্রোল নিক্ষেপ করে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে ভবনের বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দুইটা থেকে তিনটার মধ্যে সাতকানিয়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় সাতকানিয়া সরকারি কলেজসংলগ্ন একটি মসজিদের পাশে এ ঘটনা ঘটে। ব্যাংকের কর্মকর্তারা জানান, গ্রামীণ ব্যাংকের ওই ভবনে সাতকানিয়া এরিয়া অফিস ও ঢেমশা-সাতকানিয়া শাখার কার্যক্রম পরিচালিত হয়।
ঘটনার সময় ভবনটিতে ১১ জন কর্মকর্তা-কর্মচারী অবস্থান করছিলেন। গভীর রাতে জানালা দিয়ে মূল ফটকে আগুন জ্বলতে দেখে তারা নিচে নেমে আসেন। তবে ততক্ষণে আগুন দেওয়া ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাস্থলে বোতলজাতীয় কিছু ব্যবহার করে আগুন দেওয়ার আলামত পাওয়া গেছে। রাত দুইটা থেকে তিনটার মধ্যে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা না থাকায় তাৎক্ষণিকভাবে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় লিখিত অভিযোগ দিতে ব্যাংক কর্তৃপক্ষকে থানায় আসতে বলা হয়েছে।’