চট্টগ্রামে আ.লীগের সাবেক কাউন্সিলর সলিমউল্লাহ বাচ্চু গ্রেপ্তার
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সলিমউল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে নগরের এনায়েত বাজার এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সলিমউল্লাহ বাচ্চু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এনায়েত বাজার ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির মোবাইল ফোনে ঢাকা পোস্টকে বলেন, ‘সম্প্রতি নগরের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পেয়েছে পুলিশ। ওই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে।’
সলিমউল্লাহ বাচ্চু ২০১৫ সালের চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হন। পরে ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে একই ওয়ার্ড থেকে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন তিনি। ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকার দেশের সব সিটি করপোরেশনের কাউন্সিলরদের অপসারণ করার আগপর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন।