দক্ষিণখানে ১,৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
রোববার (১৫ নভেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে দক্ষিণখান থানাধীন গুলবার মুন্সী স্মরণী, বনবীথি রোডের সুফিয়া মঞ্জিল নামের একটি ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ইয়াকুব হোসেন (৩২) ও মো. রেজাউল ইসলাম (৩৩)। ইয়াকুব দক্ষিণখানের জামতলা এলাকার বাসিন্দা। রেজাউলের বাড়ি রংপুর সদর এলাকায়। তিনি বর্তমানে দক্ষিণখানের জামতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
এসআরবি সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এসআরবি-১ সদর কোম্পানি ও এসআরবি-৩ সিপিসি-২-এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় এসআরবির উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি মোটরসাইকেলে পালানোর চেষ্টা করেন। পরে তারা মোটরসাইকেলটি ভবনের নিচতলায় রেখে দ্বিতীয় তলার একটি কক্ষে আশ্রয় নেন। সেখান থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক ও সংশ্লিষ্ট আলামত জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ দক্ষিণখান থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে এসআরবি।