কুয়েটে সাংবাদিককে পিটিয়ে আহত করার অভিযোগ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়—কুয়েটে আবাসিক হলের কক্ষে ঢুকে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে একদল শিক্ষার্থীর বিরুদ্ধে। এতে নাজমুল ইসলাম নামে এক শিক্ষার্থীর বাম চোখ গুরুতর আহত হয়েছে। তিনি ঢাকা ডায়েরির কুয়েট প্রতিনিধি হিসেবে কর্মরত। উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা শহরে নেওয়া হয়েছে।
রোববার সন্ধ্যা ৫টা ৪০ মিনিট। কুয়েটের লালন শাহ হলের ১০৯ নম্বর কক্ষ। অভিযোগ, বিভাগের এক বন্ধুর সঙ্গে কথা-কাটাকাটির জেরে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী নাজমুল ইসলামের কক্ষে জড়ো হন। প্রথম দফায় দরজা বন্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে না পারলেও কিছুক্ষণ পর আবার ফিরে আসেন তাঁরা।
এ সময় মীমাংসার চেষ্টা করেন নাজমুলের রুমমেট। তবে এর মধ্যেই কয়েকজন কক্ষে প্রবেশ করে তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ। এতে বাম চোখে গুরুতর আঘাত পান নাজমুল। রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকলে পরে হলের অন্য শিক্ষার্থীরা তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান।
নাজমুলের অভিযোগ, ল্যাবে কাজ করার সময় আসিফ তন্ময়ের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি মিটে গেলেও তাঁকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। কক্ষে ফিরে আসার পর দলবল নিয়ে হামলা চালানো হয়। তাঁর দাবি, সরাসরি মারধর করেন আসিফ তন্ময় ও তৌফিক ইসলাম।
এদিকে ঘটনার খবর পেয়ে আহত শিক্ষার্থীকে দেখতে যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও হল প্রশাসনের কর্মকর্তারা। বিষয়টি ছাত্রকল্যাণ দপ্তরকে জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষক।
একজন শিক্ষার্থী ও সাংবাদিকের ওপর এমন হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের নিরাপত্তা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।